দৃকে শুরু হলো প্রদর্শনী ‘নো ভাইরাল, নো স্পিড’: শিক্ষার্থীদের ধীর সাংবাদিকতার উৎসব
দৃকে শুরু হলো প্রদর্শনী ‘নো ভাইরাল, নো স্পিড’: শিক্ষার্থীদের ধীর সাংবাদিকতার উৎসব

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার দৃকপাঠ ভবনে উদ্বোধন করা হলো ‘নো ভাইরাল, নো স্পিড: শিক্ষার্থীদের ধীর সাংবাদিকতার উৎসব’ শীর্ষক প্রদর্শনী। ভবনের লেভেল ২ ও ৮ জুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৩০ জন শিক্ষার্থী।

সাংবাদিকতায় গভীর অনুসন্ধান, তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদচর্চার গুরুত্ব তুলে ধরতে প্রদর্শনীটির আয়োজন করেছে দৃক। প্রদর্শনীটি কিউরেশন করেছেন এএসএম রেজাউর রহমান।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃকের ব্যাবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী ড. শহিদুল আলম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান এবং সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী নাফিয়া রহমান; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ও স্কুল অব সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. দীন এম. সুমন রহমান এবং সহযোগী অধ্যাপক ও স্নাতকোত্তর প্রোগ্রামের সমন্বয়ক ড. সরকার বারবাক কারমাল; খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এর সহযোগী অধ্যাপক ও সাবেক প্রধান সারা মোনামী হোসেন এবং সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃকের গবেষক সামিয়া রহমান প্রিমা।

স্বাগত বক্তব্যে ড. শহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে বলেন, তাদের কাজ দেখে তিনি গর্বিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা যখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসবেন, তাদের কাজের মধ্য দিয়ে যেন ‘স্লো জার্নালিজম’-এর দর্শন প্রতিফলিত হয়। তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দৃকের সঙ্গে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

১২ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ছবি: হাবিবুল হক ও এমএইচ আকাশ/দৃক
 
2026 ©Drik, Design & Developed by Decode Lab